সাকিব-ভিসাকে হারিয়ে অক্টোবরের সেরা ক্রিকেটার হলেন আসিফ

এবার আর আগের মত সেরা খেলোয়াড়ের খেতাব জেতা হল না সাকিব আল হাসানের। অক্টোবর মাসের পারফরম্যান্সে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পাকিস্তানের আসিফ আলী। সাকিব ছাড়াও তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নামিবিয়ার ডেভিড ভিসা।

 

গত ৪ নভেম্বর এ মাসের প্লেয়ার অব দ্য মান্থখেতাবের জন্য মনোনয়ন পাওয়া তিন ক্রিকেটারের নাম ঘোষণা করে আইসিসি। বাংলাদেশি অলরাউন্ডার সাকিব ছাড়াও এই তালিকায় ছিলেন পাকিস্তানের আসিফ আলী এবং নামিবিয়ার হয়ে বিশ্বকাপ খেলা সাবেক প্রোটিয়া অলরাউন্ডার ডেভিড ভিসা।---

 

অন্যদিকে নারী বিভাগে জিম্বাবুয়ের ম্যারি অ্যান মুসোন্দা এবং স্বদেশি গ্যাবি লুইসকে হারিয়ে গেল মাসের সেরা ক্রিকেটারের পুরষ্কার জিতেছেন আয়ারল্যান্ড নারী দলের অধিনায়ক লরা ডিলানি। মঙ্গলবার এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গেল মাসে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিউজিল্যান্ড এবং আফগানিস্তান ম্যাচে দুর্দান্ত দুই ক্যামিও ইনিংস খেলেছিলেন পাকিস্তানের ফিনিশার খ্যাত আসিফ আলী। যেখানে কিউইদের বিপক্ষে ১২ বলে ২৭* এবং আফগানদের বিপক্ষে ৭ বলে ২৫* রানের বিধ্বংসী দুটি ইনিংস খেলে দলের জয়ে মহাগুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি।

 

বিশেষত আফগানিস্তান ম্যাচে পাকিস্তান ইনিংসের ১৯তম ওভারে করিম জান্নাতের করা এক ওভারে চারটি ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করে ক্রিকেট বিশ্বের প্রশংসার জোয়ারে ভেসেছেন পাকিস্তানের এই মারকুটে ব্যাটার। আর এই দুই ইনিংসের সুবাদেই অক্টোবরের সেরা খেলোয়াড়ের পুরষ্কার জিতে নিয়েছেন আসিফ আলী।

 

প্রসঙ্গত সেরা তিনে মনোনয়ন পাওয়া বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান গত মাসে খেলা ছয়টি টি-টোয়েন্টিতে ১৩১ রান করার পাশাপাশি বল হাতে ১১টি উইকেট শিকার করেছিলেন, যেখানে তার ইকোনমি ছিলো মাত্র ৫.৫৯।

 

আর সংক্ষিপ্ত তালিকার আরেক ক্রিকেটার নামিবিয়ার হয়ে বিশ্বকাপে অংশ নেওয়া সাবেক প্রোটিয়া অলরাউন্ডার ডেভিড ভিসা ২৭ গড় এবং ১৩২ স্ট্রাইকরেটে করেছেন ১৬২ রান। পাশাপাশি ডানহাতি মিডিয়াম পেসে মাত্র ৭.২৩ ইকোনমিতে শিকার করেছেন ৭টি উইকেট।

 

আসিফ আলীকে সেরা ক্রিকেটার বেছে নেওয়া প্রসঙ্গে আইসিসির ভোটিং একাডেমীর সদস্য সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান এই প্রসঙ্গে বলেছেন, পরাজয়ের মুখ থেকে দলকে জয় উপহার দেওয়া সত্যিই দুর্দান্ত ব্যাপার। আসিফ আলী সত্যিই অনবদ্য। সে একটি নয়, দুটি দারুণ ইনিংস খেলেছে। যদিও সে বাকি দুই ক্রিকেটারের চেয়ে কম রান করেছে, তবে চাপের মুহূর্তে সে দুটি জয় ছিনিয়ে এনেছে, যা পার্থক্য গড়ে দিয়েছে।”