দেশে ২৪ ঘন্টায় ফের বেড়েছে করোনা শনাক্তের হার

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় শনাক্ত বেড়েছে দশমিক ২১ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ৫০ শতাংশ, যা আজ বেড়ে হয়েছে ১ দশমিক ৭১ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার ১৭ হাজার ৮১১ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ৩০৫ জন। গতকাল ১৯ হাজার ৫৩৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৯৪ জন। দেশে এ পর্যন্ত ১ কোটি ৩ লাখ ১৯ হাজার ৪০৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ১৬২ জন। মোট শনাক্তের হার ১৫ দশমিক ২১ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৭ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ১ জন বেশি মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ৬ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ৪ জন ও নারী ৩ জন। এ নিয়ে সারা দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৫৪ জনে। গত ২২ সেপ্টেম্বর থেকে মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ থাকলেও আজ তা দশমিক ০১ শতাংশ বেড়ে হয়েছে ১ দশমিক ৭৮ শতাংশ।

 

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি।