রাষ্ট্রপতি জার্মানির উদ্দেশে ঢাকা ছেড়েছেন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসার জন্য লন্ডন ও জার্মানীতে ১২ দিনের সফরের উদ্দেশে আজ ভোরে ঢাকা ত্যাগ করেছেন।

 

শনিবার ভোর সাড়ে চারটায় কাতার এয়ার ওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট (কিউওয়াই-৬৩৯) রাষ্ট্রপতিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে।সফরে তার স্ত্রী রাশিদা খানম আবদুল হামিদের সঙ্গে রয়েছেন।

 

এসময় বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডিপ্লোমেটিক কোরের ডিন ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরি। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, মুখ্য সচিব, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্য ও জার্মানির রাষ্ট্রদূত, পুলিশের আইজিসহ অন্য কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

 

বার্লিনের চ্যারিটি হাসপাতালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে যুক্তরাজ্যের লন্ডন হয়ে আগামী ২২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।

 

৭৭ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। স্পিকার থাকা অবস্থায় চিকিৎসার জন্য নিয়মিত তাকে সিঙ্গাপুরে যেতে হত। রাষ্ট্রপতি হওয়ার পর লন্ডনে কয়েকবার স্বাস্থ্য পরীক্ষা করান আবদুল হামিদ। করোনাভাইরাস মহামারির পর গত বছর সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে স্বাস্থ্য পরীক্ষার জন্য যান রাষ্ট্রপতি।