করোনায় ক্ষতিগ্রস্তদের ৪ কোটি ৬৬ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার

করোনাভাইরাস মহামারির কারণে বিধিনিষেধসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তায় সারাদেশে আরো ৪ কোটি ৬৬ লাখ টাকা এবং ৯ হাজার ৪৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা দিতে দেশের ৬৪টি জেলায় জেলা প্রশাসকদের অনুকূলে ৮ হাজার ৬শ ৫০ মেট্রিক টন চাল এবং ৩ কোটি ১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

 

একই ধরণের সহায়তা দিতে সারা দেশের ১২ টি সিটি কর্পোরেশনের জন্য ৮শ ২৫ মেট্রিক টন চাল এবং ১ কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

 

বরাদ্দের শর্তানুযায়ী বরাদ্দ দেওয়া চাল এবং নগদ টাকা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও করোনাভাইরাসের মহামারির পরিপ্রেক্ষিতে পরিবহন শ্রমিকসহ কর্মহীন ও দুঃস্থ মানুষের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে মানবিক সহায়তা হিসেবে বিতরণ করতে হবে।

 

উল্লেখ্য, একই কারণে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তায় গত ৪ জুলাই সারাদেশে ১১ কোটি ৭০ লাখ টাকা এবং ২৩ হাজার ৬শ ৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।