মগবাজারে বিস্ফোরণের ঘটনায় ইমরান নামে একজনের মৃত্যু

রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় ইমরান
(২৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুন) সকাল ৬টা ৪০ মিনিটে শেখ হাসিনা
বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু
হয়। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল নয়জনে।
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি
ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) দায়িত্বরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি
নিশ্চিত করে জানান, ইমরানের শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল।
এর আগে গতকাল (মঙ্গলবার) বিকেলে ঘটনার
৪৪ ঘণ্টা পর আরও একজনের মরদেহ উদ্ধার হয়। উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ ওই ভবনের কেয়ারটেকার
মো. হারুনের বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
ইমরানের গ্রামের বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার
উপজেলার লাউহাটি গ্রামে। তার বাবার নাম আব্দুল মজিদ। ইমরান বেঙ্গল মিট এ কর্মরত ছিলেন।
গত ২৭ জুন সন্ধ্যায় মগবাজারের সার্কুলার
রোডের ৭৯ নম্বর ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ৭ জন নিহত। ২৯ জুন ঘটনাস্থল থেকে
আরও একজনের লাশ উদ্ধার করা হয়। আর আজ হাসপাতালে আরও একজন মারা গেলেন। এখনও হাসপাতালে
বেশ কয়েকজন ভর্তি আছেন। ওই বিস্ফোরণে রাস্তায় চলাচলকারী তিনটি যাত্রীবাহী বাস, আশপাশের
আরও ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়।








