করোনা মোকাবেলায় সকলের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার সেকেন্ড ওয়েভে সংক্রমণ এবং মৃত্যু বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে এই রোগের বিস্তার মোকাবেলায় সকলের সহযোগিতা কামনা করেছেন।

 

পাশাপাশি তিনি দেশের ১শ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলার মাধ্যমে দেশের রপ্তানী খাতকে সমৃদ্ধ করণে সংশ্লিষ্ট মহলকে গুরুত্ব প্রদানের আহ্বান জানিয়েছেন।

 

তিনি বলেন, এই অবস্থা (করোনা) আমরা মোকাবেলা করতে পারবো। ইনশাল্লাহ সে বিশ্বাস আমাদের রয়েছে। এক্ষেত্রে সকলের সহযোগিতা আমরা চাই।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৪প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

 

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা সাধারণ মানুষের জন্য যতগুলো পদক্ষেপ নিয়েছিলেন পঁচাত্তরের পর যারা ক্ষমতায় আসে তারা একে একে সবই বন্ধ করে দেয়। আমাদের দুর্ভাগ্য এই বাংলাদেশে আমরা দেখেছি ৯১ সালে বিএনপি যখন ক্ষমতায় আসে, কৃষকরা সারের জন্য আন্দোলন করেছিল, ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করেছিল, কৃষক সার পায়নি পেয়েছিল গুলি।

 

শেখ হাসিনা বলেন, আমরা সেসময় বলেছিলাম আমরা আওয়ামী লীগ যদি সরকারে আসি সারের জন্য কৃষকদের গুলি খাওয়া তো দূরের কথা দৌড়া-দৌড়িও করতে হবে না। কৃষকের ঘরে (সার) পৌঁছে দিব। সেই সময় আমরা স্লোগান তুলেছিলাম, কৃষক বাঁচাও দেশ বাঁচাও।

 

তিনি বলেন, আমরা সরকার গঠন করার পরই কৃষিকে সব থেকে গুরুত্ব দিয়েছি। সেই ৯৮ সালে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। পার্লামেন্টে আমরা যখন ঘোষণা দেই যে, বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, বিএনপি থেকে তখন প্রতিবাদ করে।

 

এ সময় ২০০৮ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে কৃষির উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন শেখ হাসিনা।

 

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি'র কথাই ছিল খাদ্যে স্বয়ংসম্পূর্ন হওয়া ভালো না। কেন? বিদেশ থেকে সাহায্য পাওয়া যাবে না। অর্থাৎ সারাজীবন বাংলাদেশ অন্যের কাছে হাত পেতে চলবে, ভিক্ষা করে চলবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কথা বলতেন, ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। আমরা ভিক্ষুক হবো না। আমাদের মাটি আছে, মানুষ আছে। আমরা ফসল ফলাবো। নিজের পায়ে দাঁড়াবো।

 

তিনি বলেন, আমরা কৃষি ও পল্লী উন্নয়ন খাতে ব্যাপক বরাদ্দ দিচ্ছি। মাত্র ১০ টাকায় একজন কৃষক ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে। সেই সাথে কৃষি উপকরণের যে টাকা সেটা তাদের কাছে সরাসরি যাতে ব্যাংক অ্যাকাউন্টে চলে যায় সেই ব্যবস্থাটাও আমরা করেছি।

 

তিনি আরও বলেন, বিনা জামানতে বর্গাচাষিদের আমরা ঋণ দেওয়া শুরু করি। তার উদ্দেশ্য ছিল তারা যেন সর্বশক্তি নিয়োগ করতে পারে উৎপাদনে। আমাদের মাটি এত উর্বর যে একটু গবেষণা করলে যে কোনও ফসল উৎপাদন করা যায়।