কুষ্টিয়ায় শিশুসহ তিনজনকে গুলি করে হত্যার বিচার চেয়ে মামলা

কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে প্রকাশ্যে নিজ স্ত্রী ও শিশুসহ তিনজনকে গুলি করে হত্যার অভিযোগে পুলিশের এএসআই সৌমেন রায়ের নামোল্লেখসহ মামলা রুজু হয়েছে কুষ্টিয়া মডেল থানায়। রোববার (১৪ জুন) রাত সাড়ে ১১টায় নিহত আসমার মা হাসিনা বেগম বাদি হয়ে মামলাটি করেন।
নিহতরা হলেন, বরখাস্ত এএসআই সৌমেনের সাবেক
স্ত্রী আসমা (২৫), তাদের ছেলে রবিন (৫) এবং শাকিল খান (২৮)।
নিহত আসমার মা কুমারখালী উপজেলার নাথুরিয়া
গ্রামের আমির আলীর স্ত্রী হাসিনা খাতুন বলেন, সকালে সৌমেন শহরের বাবুর আলী গেটের নিকটস্থ
আমাদের ভাড়া বাসা থেকে আসমাকে সাথে করে খুলনায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। দুপুরের
পরে লোকমুখে শুনতে পাই আসমা কুষ্টিয়া সদর হাসপাতালে। এখানে এসে দেখি আমার মেয়ে মৃত
অবস্থায় পড়ে আছে।’
তিনি আরও বলেন, ‘সৌমেন গত দুইদিন
আগে খুলনা থেকে এসে আমাদের বাসায় উঠে। গতকাল আসমাকে খুলনায় নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র
করে দু’জনের মধ্যে ঝগড়া-ঝাটিও
হয়েছিল। তখন তো বুঝি নাই এমন ঘটনা ঘটতে পারে। আমি বিচার চাই।’
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) সাব্বিরুল আলম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
ট্রিপল মার্ডারের ঘটনায় খুলনা রেঞ্জ থেকে
৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকেও ৩ সদস্যের তদন্ত
কমিটি গঠন করা হয়েছে। ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানান ওসি সাব্বিরুল
আলম।
কুষ্টিয়ার পুলিশ সুপার খায়রুল আলম বলেন,
হত্যাকাণ্ডের ঘটনায় সৌমেন রায়কে আটক করা হয়েছে। তদন্ত শেষে সৌমেনের বিরুদ্ধে ব্যবস্থা
নেয়া হবে। সৌমেনকে ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ আটক করা হয়েছে।








