মন্ত্রিসভায় ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট অনুমোদন

আসন্ন ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট
অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে
অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এ প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার
এই বিশেষ বৈঠকে সভাপতিত্ব করেন। বিকাল তিনটায় অনুষ্ঠেয় সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী
আ হ ম মুস্তফা কামাল এ বাজেট পেশ করবেন। এটি বর্তমান একাদশ সংসদের তৃতীয় বাজেট। এর
আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাজেটে সম্মতি জানিয়ে স্বাক্ষর দেবেন।
করোনা সংক্রমণজনিত কারণে মন্ত্রিসভার সীমিত
সংখ্যক সদস্য এ বিশেষ অধিবেশনে অংশ নিয়েছেন। তারা হলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ড. আব্দুর
রাজ্জাক, আইনমন্ত্রী আনিসুল হক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী
এমএ মান্নান, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ, মন্ত্রিপরিষদ
সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস প্রমুখ উপস্থিত
ছিলেন।
প্রস্তাবিত বাজেট অনুমোদনে বৃহস্পতিবার
(৩ জুন) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার
বৈঠক শুরু হয়। ‘জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ’ শীর্ষক প্রস্তাবিত
বাজেটের আকার ধরা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। আজ বেলা ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী
আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন।
দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট
হতে যাচ্ছে ৫০তম এ বাজেট। আলোচিত এই বাজেটে অনুদানসহ ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ
১১ হাজার ১৯১ কোটি টাকা। যা জিডিপির ৬ দশমিক ১ শতাংশ। অনুদান বাদ দিলে ঘাটতির পরিমাণ
দাঁড়ায় ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।
একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশনে
বাজেট প্রস্তাব উপস্থাপন হবে। করোনাকালের দ্বিতীয় এই বাজেট অধিবেশনও সংক্ষিপ্ত হবে
বলে জানা গেছে।
মহামারি করোনার ধাক্কা সামলাতে এবারের
বাজেটে আয়ের দিকে বেশি নজর দিচ্ছে সরকার। সেজন্য বাজেটে মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা
হয়েছে ৩ লাখ ৯২ হাজার ৪৯০ কোটি টাকা। যা জিডিপির ১১ দশমিক ৩৫ শতাংশ। চলতি অর্থবছরের
সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় ৩৬ হাজার ৯৭৩ কোটি টাকা বেশি।
চলতি অর্থবছরে এ আয়ের সংশোধিত লক্ষ্যমাত্রা
হচ্ছে ৩ লাখ ৫৫ হাজার ৫১৭ কোটি টাকা। যদিও বাজেটে মূল লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৮২ হাজার
১৩ কোটি টাকা। আয়ের মধ্যে রাজস্ব খাত থেকে আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩
লাখ ৮৯ হাজার কোটি টাকা এবং বৈদেশিক অনুদান নেওয়া হবে ৩ হাজার ৪৯০ কোটি টাকা।
বাজেট প্রসঙ্গে সম্প্রতি ক্রয়সংক্রান্ত
মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, দেশের সাধারণ
মানুষ ও ব্যবসায়ীদের বাঁচানোর লক্ষ্য নিয়েই ২০২১-২২ অর্থবছরের বাজেট দেওয়া হবে। এ বাজেটে
সবার স্বার্থ সংরক্ষণ করা হবে। পাশাপাশি পিছিয়ে পড়া প্রান্তিক মানুষকে সঙ্গে রাখা হবে।
আগামী বছর একই ধারা থাকবে।








