সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটার প্রতিবাদে আজও মানববন্ধন

রাজধানীর ফুসফুস হিসেবে পরিচিত সোহরাওয়ার্দী
উদ্যানের গাছ কাটা নিয়ে প্রতিবাদ করে চলেছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। কেউ সশরীরে
ঘটনাস্থলে উপস্থিত হয়ে, কেউবা সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করছেন এই সিদ্ধান্তের।
পাশাপাশি অবিলম্বে গাছ কাটা বন্ধ করে উদ্যানটির পরিবেশ ফিরিয়ে আনতে আরও ১০ হাজার গাছ
লাগানোর দাবি জানিয়েছেন কেউ কেউ।
জানা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানের সবগুলো
প্রবেশপথসহ বিভিন্ন স্থানে অন্তত ৭টি রেস্টুরেন্ট স্থাপন করার কাজ শুরু করেছে গণপূর্ত
বিভাগ। তাদের দাবি, নিয়ম মেনেই গাছগুলো কাটা হচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে
আজ বৃহস্পতিবার সকালে মানববন্ধন করে তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘বৈশ্বিক মহামারির
সময় যখন সারা বিশ্বে অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছে, ঠিক সেই সময় উন্নয়নের নামে
গাছ কেটে এই উদ্যানের পরিবেশকে হুমকির মধ্যে ফেলা হচ্ছে।’
বক্তারা আরও বলেন, ‘উদ্যানে রেস্তোরাঁ,
হাঁটাপথ নির্মাণের জন্য বেশকিছু গাছ কেটে ফেলা হয়েছে। উন্নয়নের নামে এমন সিদ্ধান্ত
পরিবেশের জন্য হুমকি। এভাবে গাছ কাটা শুরু হলে রাজধানী ঢাকার অন্য উদ্যানগুলোর উপরে
কুচক্রী মহলের দৃষ্টি পড়বে বলে জানিয়েছেন মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা।








