আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

আজ সোমবার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। তথ্য জনগণের পণ্য’—এই স্লোগানে এ বছর দিবসটি পালন করা হচ্ছে। এছাড়া প্রতি বছর ৩ মে বিশ্বজুড়ে এ দিবসটি পালিত হয়ে থাকে।


১৯৯১ সালে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা এ দিবসটি পালন করে আসছেন।

 

বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম (বিজেআরএফ) দিবসটি পালন উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং বাংলাদেশের বর্তমান গণমাধ্যম পরিস্থিতি নিয়ে আজ সোমবার সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার শীর্ষক এক মুক্ত আলোচনা সভার আয়োজন করেছে।

 

সাংবাদিক অধিকার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভুঁইয়া ও সাধারণ সম্পাদক আতাউর রহমান আজ এক বিবৃতিতে বিশ্ব গণমাধ্যম দিবস পালন করতে এবং অনলাইনে জুম আলোচনায় যোগদান করে মতামত ব্যক্ত করার জন্য আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে তাঁরা জনগণকে কোভিড-১৯ মহামারির তথ্য জানানোর জন্য অক্লান্তভাবে কষ্টকর, বিপজ্জনক এবং মৃত্যু ঝুঁকি নিয়ে প্রতিকূল পরিবেশে কাজ করে যাওয়া প্রয়াত সাংবাদিকদের প্রতি বিশেষ শ্রদ্ধা জানান।

 

বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন ও ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাঁদের স্মৃতির প্রতি সম্মান জানানোর লক্ষ্যে এই দিবসটি হোক সাংবাদিক সমাজের অঙ্গীকার।