বিশ্বে করোনায় মৃত্যু ১২৪৮৭, শনাক্ত ৭৯০০৪৭ জন

বিশ্বব্যাপী মহামারী নভেল করোনাভাইরাসের ভয়াবহতা ক্রমশ বাড়ছে। প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছে মৃত্যু ও শনাক্তের রেকর্ড। দক্ষিণ এশিয়ার জনবহুল দেশ ভারতসহ বেশ কয়েকটি দেশ এখন করোনার দ্বিতীয় ঢেউয়ে ঊর্ধ্বমুখী সংক্রমণে বিপর্যস্ত।

 

গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১২ হাজার ৪৮৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন ৭ লাখ ৯০ হাজার ৪৭ জন। আর সুস্থ হয়েছেন ৮ লাখ ৯০৬ জন রোগী।

 

রোববার (২ মে) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

 

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে মোট ১৫ কোটি ২৭ লাখ ৯২ হাজার ৪১২ জন। এরমধ্যে মারা গেছেন ৩২ লাখ ৬ হাজার ৪৯ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ কোটি ৭১ হাজার ৯৫৩ জন।

 

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩১ লাখ ৪৬ হাজার ৮ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৯০ হাজার ৭০৪ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৫৭ লাখ ৭৭ হাজার ৯২৭ জন।

 

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এর পরেই রয়েছে ভারত। গত কয়েকদিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। তবে গত ২৪ ঘণ্টায় ভারতে শনাক্ত কিছুটা কমলেও বেড়েছে মৃত্যু। একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ ৩ হাজার ৭০০ জনেরও বেশি মারা গেছেন। আর শনাক্ত হয়েছেন ৩ লাখ ৯২ হাজারের বেশি।