কর্মহীন-দুঃস্থ শ্রমিকদের সুরক্ষায় ৫০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান মে দিবস
উপলক্ষে বলেছেন, রপ্তানিমুখী তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্পে কর্মহীন হওয়া
ও দুঃস্থ শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা, ২০২০ বাস্তবায়নের
জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। শ্রম অধিদপ্তরের অনুকূলে এই বরাদ্দ দেয়া হয়েছে।
শনিবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে শুক্রবার
(৩০ এপ্রিল) এক বাণীতে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, মহামারি করোনাভাইরাস
পরিস্থিতিতে দেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য স্বাস্থ্যবিধি মেনে কল-কারখানা চালু
রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে
অবশ্যই নিশ্চিত করতে হবে।
তিনি শ্রমিকদের সহায়তার কথা তুলে ধরে বলেন,
বৈশ্বিক মহামারি করোনার ভয়াল পরিস্থিতি মোকাবিলায় শ্রমজীবী মানুষের পাশে থেকে ত্রাণ
বিতরণসহ সর্বাত্মক কার্যক্রম পরিচালনা করছে আমাদের সরকার। শ্রমিকদের সংকট মোকাবিলায়
তাদের বেতনের জন্য সরকার ৮ হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ করেছে।
এছাড়া মহান মে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদও পৃথক এক বাণী দিয়েছেন। শ্রমজীবী মানুষের স্বার্থ সংরক্ষণ ও অধিকার প্রতিষ্ঠার মধ্যদিয়ে দেশের শিল্প ও বাণিজ্যে অগ্রগতি সাধিত হবে, দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির দিকে। সেজন্য সরকারের পাশাপাশি শ্রমজীবীদের পাশে মালিকদেরও দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।








