বোরো মৌসুমে সরকারের ধান-চাল সংগ্রহ শুরু

চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে
সরকারের ধান ও চাল সংগ্রহ কর্মসূচি হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় রাজধানী
থেকে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে ধান কেনার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী
সাধন চন্দ্র মজুমদার।
খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানানো হয়।
এবার বোরো মৌসুমে সারাদেশে সরাসরি কৃষকের
কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান, মিলারদের কাছ থেকে ৪০টাকা
কেজি দরে ১০ লাখ টন সেদ্ধ চাল ও ৩৯ টাকা কেজি দরে দেড় লাখ টন আতপ চাল কেনার লক্ষ্যমাত্রা
নির্ধারণ করেছে সরকার।
খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভার
সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার থেকে ধান কেনা শুরু হয়েছে। আগামী ৭ মে থেকে শুরু হবে চাল
কেনা। ধান ও চাল কেনা চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
ধান কেনা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে
ঢাকা বিভাগের নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা, রাজশাহী বিভাগের নওগাঁ ও বগুড়া জেলা, রংপুর
বিভাগের দিনাজপুর জেলা এবং সিলেট বিভাগের সিলেট সদর, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ-
এই ৯টি জেলার জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা খাদ্য বিভাগের কর্মকর্তা, মিল
মালিক এবং কৃষক প্রতিনিধিরা অনলাইনে সংযুক্ত ছিলেন।
খাদ্যমন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদেরকে
সঠিকভাবে নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে, মাস্ক
পরিধান করে ধান সংগ্রহের মাধ্যমে মজুত ত্বরান্বিত করার নির্দেশনা দেন।
গুদামে ধান দেয়ার সময় কৃষককে যাতে কোনো
প্রকার হয়রানির শিকার হতে না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য কর্মকর্তা-কর্মচারীদের
প্রতি নির্দেশ দেন মন্ত্রী। পাশাপাশি ধান এবং চালের মানের সঙ্গে কোন প্রকার আপস করা
হবে না বলেও জানান তিনি।
এছাড়া যে সব উপজেলায় অ্যাপসের মাধ্যমে
কৃষকের কাছ থেকে ধান কেনা হবে; সেখানে যদি কোন কৃষক অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন
করতে সমস্যায় পড়েন তা হলে সংশ্লিষ্ট কমিটিকে বিষয়টির গুরুত্ব দিয়ে দ্রুত সমাধান
করার নির্দেশ দেন সাধন চন্দ্র মজুমদার।
এ সময় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন
খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম, খাদ্য অধিদফতরের মহাপরিচালক শেখ মুজিবর রহমানসহ
খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।








