কেমিক্যাল গোডাউনে আগুন নিহত: ২ আহত ২১

রাজধানীর পুরান ঢাকার বংশালে বাবুবাজার
ব্রিজ সংলগ্ন আরমানিটোলা খেলার মাঠের পাশে একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় দুইজন নিহত ও অন্তত ২১ জন আহত হয়েছেন। শুক্রবার (২৩ এপ্রিল) ভোর ৩টা ১৮ মিনিটে
আবাসিক ভবনটির নিচতলার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ইডেন মহিলা কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী সুমাইয়া আক্তার ও ওই ভবনের দারোয়ান রাসেল মিয়া।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
শাহিন ফকির জানান, আগুনের ঘটনায় ভবনের ২ জন দগ্ধ হয়ে মারা গেছেন। আরও ২১ জন আহত হয়েছেন।
ভোরে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার
জেনারেল মো. সাজ্জাদ হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এর আগে বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিনগত
রাত সোয়া ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস সদর দপ্তর। পরে ফায়ার
সার্ভিসের ১৯টি টিম কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিভেল
বিষয়টি নিশ্চিত করে বলেন, পুরান ঢাকার আরমানিটোলা খেলার মাঠ সংলগ্ন বাবুবাজার ব্রিজের
আগে একটি ছয়তলা ভবনের নিচতলায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে
আমাদের ১৫ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিস্তারিত পরে জানানো যাবে।
জানা গেছে, আগুলা লাগা ওই ভবনের নাম হাজী মুসা ম্যানশন। ভবনটির ছাদে অনেকেই আটকা পড়েছেন। আহত ও অসুস্থ অনেকেই রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। ওই এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে।








