নূরের বিরুদ্ধে কক্সবাজার থানায় মামলা করল ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা হয়েছে। কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মইন উদ্দীন বাদী হয়ে গতকাল বুধবার সন্ধ্যায় মামলাটি করেন।

 

সদর থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস জানান, বুধবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের এক নেতা বাদী হয়ে এ মামলাটি দায়ের করেছেন।

 

মামলায় একমাত্র আসামি করা হয়েছে নুরুল হক নুরকে (৩০)। পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ইদ্রিস হাওলাদারের ছেলে তিনি।

 

মামলার বাদী মঈন উদ্দিন (২৬) কক্সবাজার ছাত্রলীগের সহ-সভাপতি। কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়া এলাকার ছব্বির আহমদের ছেলে তিনি।

 

ওসি মামলার এজাহারের বরাতে বলেন, গত ১৪ এপ্রিল বিকালে নুরুল হক নুর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচারিত এক ভিডিও বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন বলে অভিযোগ করেছেন মামলার বাদী।

 

এজাহারে বাদী অভিযোগ করেছেন, নুর যে বক্তব্য প্রচার করেছেন তাতে আওয়ামী লীগের নেতাকর্শীদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হানার পাশাপাশি আক্রমণাত্বক উস্কানি দেওয়া হয়েছে।

 

এর আগে একই অভিযোগে তার বিরুদ্ধে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুল ইসলাম সজীব বাদি হয়ে ঢাকার শাহবাগ থানায় মামলা করেন।

 

এছাড়া নুরুল হক নূরেরা বিরুদ্ধে চট্টগ্রাম, সিলেট, রাজশাহীতেও একই অভিযোগে মামলা হয়েছে।