আগুন নেভানোর প্রশিক্ষণ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসভবনে ফায়ার সার্ভিসের পরিচালনায় অগ্নিনির্বাপণের একটি মহড়ায় অংশ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শুক্রবার সকালে ওই মহড়ায় বহনযোগ‍্য অগ্নিনির্বাপণ যন্ত্রের বাস্তব ব‍্যবহার, এলপি গ‍্যাস সিলিন্ডারে আগুন লাগলে তা নেভানো, হাতে-কলমে আগুন নেভানোর বিভিন্ন পদ্ধতিসহ ফায়ার সচেতনতা প্রশিক্ষণ দেওয়া হয়।

দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু এ তথ্য জানান। তিনি বলেন, মহড়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্য এবং বাসভবনের কর্মকর্তা-কর্মচারীরা প্রশিক্ষণ নেন।

ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চলের সহকারী পরিচালকের নেতৃত্বে ২৫ সদস্যের একটি টিম মহড়া পরিচালনা করেন। দুই ঘণ্টাব্যাপী চলা মহড়ায় বহনযোগ্য অগ্নিনির্বাপণ যন্ত্রের বাস্তব ব্যবহার, এলপি গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে নেভানোর পদ্ধতি এবং হাতে-কলমে আগুন নেভানোর বিভিন্ন পদ্ধতিসহ আগুনের বিষয়ে সচেতনতা প্রশিক্ষণ দেয়া হয়।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেকেরই ফায়ার সার্ভিসের প্রাথমিক জ্ঞান থাকা উচিত।