তানজিল চৌধুরী প্রাইম ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

তানজিল চৌধুরী প্রাইম ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় তাঁকে ফের চেয়ারম্যা নির্বাচিত করা হয়। প্রাইম ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, তানজিল চৌধুরী ২০২০ সালে প্রথমবার প্রাইম ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে প্রাইম ব্যাংক ডিজিটাল রূপান্তর, উদ্ভাবন ও স্থিতিশীল প্রবৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করেছে। প্রাইম ব্যাংকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তানজিল চৌধুরী ইস্ট কোস্ট গ্রুপের (ইসিজি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। যুক্তরাজ্যের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের (বিআইআই) উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

তানজিল চৌধুরী ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা দুই মেয়াদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এবং সোলার মডিউল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এসএমএমএবি) সাবেক সভাপতি।