নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় এক দফা দাবি

বিএনপির এক দফার জবাবে পাল্টা এক দফা দিয়ে মাঠে থাকছে আওয়ামী লীগ। সরকার পতনের দাবিতে আন্দোলনের প্রথম কর্মসূচি আজ শুরু করবে বিএনপিসহ তার মিত্ররা। অন্যদিকে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে ক্ষমতাসীন আওয়ামী লীগও। প্রধান দুই দলের এ মুখোমুখি অবস্থানে উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক অঙ্গন

 

দুদিনের পদযাত্রা কর্মসূচিতে পুরো রাজধানীতে দলের সাংগঠনিক শক্তি প্রদর্শন করতে চায় বিএনপি। এ জন্য  পুরো ঢাকাকে মিছিলের নগরীতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির নেতারা।

সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে আজ মঙ্গলবার ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে পদযাত্রা অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামীকাল বুধবার ঢাকা মহানগরের উদ্যোগে আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ২৪ কিলোমিটারজুড়ে এ পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। একইভাবে সমমনা দল ও জোটের উদ্যোগেও পৃথকভাবে এ পদযাত্রা অনুষ্ঠিত হবে।

গত ১২ জুলাই নয়াপল্টনের সমাবেশ থেকে সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করে বিএনপি। আর এ দাবি বাস্তবায়নে দুদিনের কর্মসূচি ঘোষণা করা হয় সেদিন। আর এ কর্মসূচি বাস্তবায়নে দফায় দফায় বৈঠক করেছেন মহানগর নেতারা। তারা এ কর্মসূচির মাধ্যমে সাংগঠনিক শক্তি জানান দিতে চান। বিএনপি ছাড়াও সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী নিয়ে পদযাত্রায় অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছে মহানগর উত্তরের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও।

 

নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় নেতারা।

 

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আজ সকাল ১০টায় গাবতলী থেকে এ পদযাত্রা শুরু হয়ে পুরান ঢাকার রায়সাহেব বাজারে গিয়ে শেষ হবে। ১৩ কিলোমিটারের এ পদযাত্রায় ব্যাপক শোডাউনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি ওয়ার্ড ও থানার নেতাকর্মীকে এ কর্মসূচি সফল করতে কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

একইভাবে রাজধানীর ভিন্ন ভিন্ন স্থান থেকে সমমনা অন্যান্য দল ও জোট পদযাত্রা কর্মসূচি পালন করবে। একযোগে ১১টি স্থান থেকে পুরো রাজধানীকে মিছিলের নগরীতে পরিণত করার উদ্যোগ নিয়েছে সরকারবিরোধী দলগুলো।

 

দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। প্রত্যেক ইউনিটকে দেওয়া হয়েছে দিকনির্দেশনা। সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে এবং প্রত্যেক স্তরের নেতাকর্মীকে সরব ভূমিকা পালনে কঠোর বার্তা দেওয়া হয়েছে। মাইকিংয়ের অনুমতি না পাওয়ায় প্রচার-প্রচারণায় সামাজিক যোগাযোগমাধ্যমকেই বেছে নিয়েছে দলটি। কোন্দল-ভেদাভেদ ভুলে দলের প্রত্যেক কর্মসূচিতে অংশগ্রহণ বাড়ানোর কার্যক্রম সরাসরি মনিটরিং করছে দলের হাইকমান্ড।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, তাদের পদযাত্রা সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। শুধু দলের নেতাকর্মী নয়, সাধারণ মানুষেরও ব্যাপক অংশগ্রহণ থাকবে এ কর্মসূচিতে। ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেন, কর্মসূচি সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে তাদের।

 

পদযাত্রার রুট

বিএনপি আজ সকাল ১০টায় গাবতলী থেকে পদযাত্রা শুরু করে টেকনিক্যাল মোড়, মিরপুর-১, মিরপুর-১০ গোলচত্বর, কাজীপাড়া, শেওড়াপাড়া, তালতলা আগারগাঁও, বিজয় সরণি, কারওয়ান বাজার এফডিসি, মগবাজার, মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, মতিঝিল শাপলা চত্বর, ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ, রায়সাহেব বাজার মোড়ে গিয়ে বিকেল ৪টায় শেষ করবে। ঢাকা মহানগর উত্তর বিএনপি গাবতলী থেকে শুরু করে মগবাজারে পৌঁছার পর এখান থেকে যুক্ত হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদযাত্রার সূচনা করবেন এবং দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস পদযাত্রায় সমাপনী বক্তব্য দেবেন।

 

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বেলা ১১টায় মিরপুর-১২ থেকে গণতন্ত্র মঞ্চের পদযাত্রা শুরু এবং তালতলা আগারগাঁও গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হবে। কর্মসূচিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম  আবদুর রব,  নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম উপস্থিত থাকবেন।

 

অন্যান্য জোট ও দল

১২-দলীয় জোট দুপুর আড়াইটায় কাকরাইল মোড় থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত, এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বে বেলা ১১টায় এফডিসির সামনে থেকে মতিঝিল, বিকেলে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি, গণঅধিকার পরিষদ (নুরু) বিকেল ৪টায় পুরানা পল্টন কালভার্ট রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে নির্বাচন কমিশন ভবন অভিমুখে, গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া) বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পদযাত্রা করবে। পাশাপাশি জাতীয়তাবাদী সমমনা জোট, লেবার পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্য জোট, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এ কর্মসূচি পালন করবে।